ছুটি

আমাদের কি আদৌ কোনো ছুটি হয়?
হয়তো ছোটবেলায় হতো,
যখন জীবন ছিল শঙ্কাহীন,
উন্মুক্ত ও বাঁধাহীন।
সেই স্কুলের ঘণ্টা বাজলে
দৌড়ে খেলার মাঠে ছোটাছুটি,
সেটারই সংজ্ঞা হয়তো “ছুটি”।

বয়স যত বাড়লো,
ছুটি ততই কমলো,
ধীরে-ধীরে বিলুপ্তই হয়ে গেলো।
অনেককে ভাবতে শুনি –
মৃত্যু নাকি শেষ ছুটি,
কিন্তু মৃত্যুর পর পরলোকে
কর্মফলের সব হিসাব বাকি!

তাই একটি সময় পেরিয়ে গেলে
আমাদের কোনো ছুটি নেই,
ছুটি তখন মরীচিকার মতন,
হয়তো আছে, হয়তো পুরোটাই ফাঁকি।

১৬ ই মে, ২০২৬
~ যারিন

এখানে আপনার মন্তব্য রেখে যান