ভার্সিটিতে পড়ার সময় প্রথম যে জিনিসটা শিখেছিলাম, তা হলো “generalization” করা যাবে না। নিজের একক অভিজ্ঞতাকে কেন্দ্র করে গোটা একটা জাতির উপর সেই সমালোচনা চাপিয়ে দেওয়া আসলে নিজেরই হীনমন্যতার পরিচয়।
কিন্তু গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিতে গিয়ে অনেককেই এমন করতে দেখেছি। কোনো ভ্রুক্ষেপ নেই, লজ্জাও নেই। এই পৃথিবীতে মানুষের যেসব কাজে লজ্জা পাওয়ার কথা, ঠিক সেসবেই লজ্জা পায় না।
বেশ দাপটের সাথেই অনেককে বলতে শুনেছি, আমি আস্তিক তাই নাস্তিকের সাথে কথা বলি না, কিংবা আমি অমুক বলে তমুকের সাথে মিশি না। মানলাম, সবার নিজস্ব পছন্দ আছে, বাছ-বিচার আছে। কিন্তু পছন্দ যদি ক্ষুদ্রতার পরিচয় হয়, তবে তা নিজের মধ্যেই রেখে দেওয়া ভালো। ওই জ্ঞান বেঁটে কারো উপকার হবে না, অপকারই হবে বৈকি।
প্রেম, ভালোবাসা ও বন্ধুত্ব: এ সম্পর্কগুলো স্বতঃস্ফূর্ত, জাত ও ধর্ম দেখে হয় না। যেই ভালোবাসা জাত-ধর্ম বিবেচনা করে হয়, ওটাকে ভালোবাসা নয়, বিনিয়োগ বলবো।
~ ১২ই জুলাই, ২০২৬
